বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬ -- : -- --

হাবিপ্রবি শিক্ষার্থীদের ‘পুষ্টিবন্ধু’ প্রজেক্ট পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পিএম

আন্তর্জাতিক প্রতিনিধি দল

দিনাজপুরের উত্তর গোসাইপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের পরিচালিত “পুষ্টিবন্ধু” প্রজেক্ট পরিদর্শন করেছে আন্তর্জাতিক পর্যায়ের একটি প্রতিনিধি দল।

বুধবার (২২ এপ্রিল) সাসটেইনেবল অ্যাকশন ফর ফুড (SAF)-এর আয়োজনে এই পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

হাবিপ্রবির শিক্ষার্থী রাহী, ফাইজ, ওয়াহিদ, মুমু, রেজাউল, নেহাল ও বাধনের নেতৃত্বে গত তিন মাস ধরে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN) এবং SUN Youth Network-এর ‘ফুড সিস্টেম ইয়ুথ লিডারশিপ ট্রেনিং’ সম্পন্ন করার পর শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে SAF যুক্ত হলে প্রকল্পটি আরও বিস্তৃত ও গতিশীল হয়।

প্রকল্পের আওতায় বিদ্যালয়ে একটি পুষ্টিবাগান স্থাপন, পুষ্টি ক্লাব গঠন এবং শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করতে ক্যান্টিন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যার কিছু কার্যক্রম ইতোমধ্যে বাস্তবায়িত এবং বাকিগুলো প্রক্রিয়াধীন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লাউসানের সায়েন্টিফিক প্রজেক্ট ম্যানেজার সোফি ভ্যান ডেন বার্গ, সুইস ট্রপেন ইনস্টিটিউটের প্রজেক্ট ম্যানেজার কর্নিলিয়া স্পাইচ এবং ইএসডিও-এর প্রতিনিধিরা। তারা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের নেতৃত্বে বাস্তবায়িত এ উদ্যোগের প্রশংসা করেন। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের উদ্যোগকে টেকসই করতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

প্রকল্পের অন্যতম উদ্যোক্তা ও হাবিপ্রবি শিক্ষার্থী নিহাল মুস্তাকিম বলেন, " গত তিন মাস ধরে এ প্রজেক্ট বাস্তবায়নে স্কুলের বাচ্চাদের নিয়ে কাজ করছেন এবং অবশেষে তাদের জন্য আমরা, বিদ্যালয় কমিটি এবং SAF এর সহযোগিতায় একটি পরিপূর্ণ বাগান বিদ্যালয়ের শিক্ষার্থীদের কে উপহার দিতে পেরে আনন্দিত।'"

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!