সানজানা শওকত,বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৯:১০ পিএম
বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬ -- : -- --
ব্যতিক্রমধর্মী কর্মসূচি ‘দ্য প্লাস্টিক এক্সচেঞ্জ’
বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী কর্মসূচি ‘দ্য প্লাস্টিক এক্সচেঞ্জ’। বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে বুটেক্স এনভায়রনমেন্টাল ক্লাবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উদ্যোগটির আওতায় ব্যবহৃত দুটি প্লাস্টিক বর্জ্য জমা দিলেই অংশগ্রহণকারীদের প্রদান করা হয় একটি ‘প্ল্যান্টেবল ইকো-পেন’। বিশেষ এই কলমটি ব্যবহারের পর মাটিতে পুঁতে দিলে তা থেকে গাছ জন্মানোর সুযোগ রয়েছে, যা পরিবেশবান্ধব চিন্তার একটি প্রতীকী রূপ হিসেবে বিবেচিত হচ্ছে।
কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ মাহাবুবুল ইসলাম বলেন, “বর্তমানে বিশ্ব যখন টেকসই উন্নয়নের দিকে এগোচ্ছে, তখন এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। অনেকেই হয়তো একটি কলম পাওয়ার জন্য অংশ নিচ্ছেন, কিন্তু এর মধ্য দিয়েই প্লাস্টিকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা তৈরি হচ্ছে। এই উদ্যোগ অন্যান্য ক্যাম্পাসেও ছড়িয়ে দেওয়া গেলে বড় পরিসরে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমি মনে করি।”
আয়োজকদের পক্ষ থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী রোমিনুর রহমান তালুকদার বলেন, “ক্যাম্পাসে প্লাস্টিক দূষণ কমানো এবং বুটেক্সকে আরও সবুজ করে তোলাই আমাদের মূল লক্ষ্য। এই প্রতীকী বিনিময়ের মাধ্যমে আমরা মূলত শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় উৎসাহিত করতে চেয়েছি।”
এছাড়া বুটেক্স এনভায়রনমেন্ট ক্লাবের সভাপতি মোহাম্মদ এএইচএস শাফি বলেন, “ছোট পরিসরের এই উদ্যোগের মাধ্যমে সরাসরি প্লাস্টিক কমানো সম্ভব না হলেও আমরা সচেতনতা বৃদ্ধির দিকেই গুরুত্ব দিয়েছি। ‘গ্রিনার বুটেক্স’ গড়ার লক্ষ্য নিয়ে ভবিষ্যতে ট্রি প্লান্টেশন, ক্যাম্পাস ক্লিন-আপ, ওয়ার্কশপ ও সেমিনারের মতো কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে আমাদের। তবে নতুন ক্লাব হিসেবে নিজস্ব অর্থায়নে এটি করতে গিয়ে ফান্ডিংয়ের কিছুটা চ্যালেঞ্জ ছিল। প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হবে।”
উদ্যোগটির প্রশংসা করে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আব্দুল্লাহ শাহরিয়ার বলেন, “আমরা সাধারণত পরিবেশ দিবসে র্যালি বা মিছিল দেখে অভ্যস্ত। তবে এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বাস্তবধর্মী সচেতনতা তৈরি করে। এটি শুধু ক্যাম্পাস পরিষ্কার রাখছে না, বরং ভবিষ্যতের পরিবেশবান্ধব শিল্পখাত গঠনের জন্যও শিক্ষার্থীদের প্রস্তুত করছে।”
আয়োজকরা জানান, কর্মসূচিতে প্রথম ১০০ জন অংশগ্রহণকারী ইকো-পেন সংগ্রহের সুযোগ পেয়েছেন। ‘লেটস মেক বুটেক্স গ্রিনার টুগেদার’ স্লোগানে পরিচালিত এই উদ্যোগটি ক্যাম্পাসজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। তাদের প্রত্যাশা, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতে একটি পরিবেশবান্ধব ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব হবে।