শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

কুমিল্লায় হাম-রুবেলায় শিশুমৃত্যু, হাসপাতালে শয্যা সংকট

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২১ পিএম

ফাইল ফটো

কুমিল্লায় হাম-রুবেলা আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এর হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।

মৃত শিশু রায়হান (৮) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা-র রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা। এ নিয়ে জেলায় হাম আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে।

চিকিৎসকরা জানান, গত ১৪ এপ্রিল রাতে উচ্চমাত্রার জ্বর, কাশি ও শরীরে তীব্র র‍্যাশসহ হাম-রুবেলার উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে জেলায় হাম-রুবেলার প্রকোপ ক্রমেই বাড়ছে। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এ দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট। শয্যা না পেয়ে অনেক রোগীকে মেঝে, বারান্দা এমনকি করিডোরেও অবস্থান করতে হচ্ছে।

হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মিয়া মনজুর আহমেদ জানান, ‘মারা যাওয়া শিশুটি সংকটাপন্ন অবস্থায় ভর্তি হয়েছিল। প্রতিদিনই সংক্রমণের হার বাড়ছে। বর্তমানে হাম আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও ৩৬ শিশুকে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত মোট ৯৪ শিশু ভর্তি রয়েছে।’

অন্যদিকে, স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম-সদৃশ উপসর্গ নিয়ে আরও ২৪ শিশু জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে, যা পরিস্থিতির আরও অবনতির ইঙ্গিত দিচ্ছে।

Link copied!