শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

খুবিতে লাইব্রেরি উন্নয়নে হিট প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৯ এএম

ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘এনহ্যান্সিং লাইব্রেরি ফ্যাসিলিটিজ ফর এ মডার্ন এন্ড ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট’ শীর্ষক হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালা ‘এনহ্যান্সিং ডিজিটাল অ্যাক্সেস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যান ইনক্লুসিভ অ্যান্ড মডার্ন লার্নিং এনভায়রনমেন্ট অ্যাট খুলনা ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরি’ শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, লাইব্রেরি একটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিচিতি বহন করে এবং এটিই গবেষণার উৎকর্ষের মূল কেন্দ্র। হিট সাব-প্রকল্পের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিকে আরও আধুনিক ও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, লাইব্রেরির ডিজিটালাইজেশনের পাশাপাশি পরিবেশগত উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। উদ্ভাবনী ধারণা প্রয়োগ এবং উন্নত প্রতিষ্ঠানের লাইব্রেরি থেকে অভিজ্ঞতা নিয়ে কেন্দ্রীয় লাইব্রেরিকে একটি রিসোর্সফুল ও শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় স্থানে রূপান্তর করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, একটি দেশের সভ্যতার মান নির্ভর করে সেই দেশের মানুষের বই পড়ার অভ্যাসের ওপর। তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে কেন্দ্রীয় লাইব্রেরি আরও সমৃদ্ধ হবে এবং শিক্ষার্থীদের লাইব্রেরিমুখী করবে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং উন্নয়নে ভূমিকা রাখবে।

ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের প্রচলিত লাইব্রেরি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং জ্ঞানচর্চার পরিবেশ নতুন মাত্রা পাবে। তিনি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের এসপিএম এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক প্রফেসর ড. মোঃ গোলাম রাক্কিবু। কর্মশালার শুরুতে তিনি টেকনিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, কর্মপরিকল্পনা ও সম্ভাব্য চ্যালেঞ্জ তুলে ধরেন। স্বাগত বক্তব্য দেন এএসপিএম প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন লাইব্রেরি অফিসার ফারহানা আফরিন। উদ্বোধনী পর্ব শেষে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট এবং বিভাগীয় পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন।

Link copied!