প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেছেন, পরিশ্রম ও সাধনা ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। লক্ষ্যে পৌঁছাতে হলে সময়কে কাজে লাগাতে হবে এবং নিরলস পরিশ্রম চালিয়ে যেতে হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) বেলা ১১টায় হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, ষষ্ঠ ও একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা এবং তিনজন শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য সকলকে শুভেচ্ছা জানান এবং তাঁর শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “বিনা পরিশ্রমে শূন্য থেকে কিছুই হয় না। কিছু পেতে হলে, স্বপ্ন বাস্তবায়ন করতে হলে পরিশ্রম করতে হবে। শুধু পরিশ্রম নয়, জ্ঞান অর্জনও জরুরি। জ্ঞান, পরিশ্রম ও সাধনার সমন্বয়েই সৃষ্টিকর্তা সফলতা দান করেন।”
বর্তমান প্রজন্মের প্রতি তিনি মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয়ের বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সময়ের অপচয় থেকে বেরিয়ে এসে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, জীবনের গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে তারা। তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে এবং কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। তিনি আরও বলেন, লক্ষ্য নির্ধারণ করে স্বপ্ন দেখতে হবে, তবে সেই স্বপ্ন হতে হবে এমন, যা বাস্তবায়নের জন্য নিরন্তর পরিশ্রমে উদ্বুদ্ধ করে।
অনুষ্ঠানে তিনি পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন এবং অবসর গ্রহণকারী তিন শিক্ষককে তাদের দীর্ঘ শিক্ষকতা জীবনের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গভর্নিং বডির সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে উপাচার্যকে ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব নুর মোহাম্মদ, চেয়ারম্যান জনাব গিয়াস উদ্দিন এবং গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য গোবিন্দ প্রসাদ মহাজনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। সঞ্চালনায় ছিলেন মিসেস শামীম আক্তার, শাহাদাত হোসেন ও হাসান কামরুল।
এসময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
