সুমন বাইজিদ,চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১০:২০ পিএম
বুধবার ০১, এপ্রিল ২০২৬ -- : -- --
রেজিস্ট্রার দপ্তরের শাখা ও সেল প্রধানদের সৌজন্য সাক্ষাৎ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এর সঙ্গে রেজিস্ট্রার দপ্তরের শাখা ও সেল প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে উপাচার্য দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলামসহ রেজিস্ট্রার দপ্তরের বিভিন্ন শাখা ও সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
সভায় উপাচার্য উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সেবামুখী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন,“রেজিস্ট্রার দপ্তর বিশ্ববিদ্যালয়ের হৃৎপিণ্ড। এখান থেকে পুরো বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়। এ হৃৎপিণ্ড যত ভালো কাজ করবে বিশ্ববিদ্যালয় ততই ভালো থাকবে।”
তিনি আরও বলেন,“অফিস প্রধান হতে হবে সবার চেয়ে আলাদা, দক্ষ এবং সবদিক থেকে মার্জিত। অধীনস্থদের শেখাতে হবে। নিজের বিকল্প তৈরি করতে হবে। সময় মতো আগমন এবং প্রস্থান করতে হবে।”
ক্যাম্পাসে একটি নিরাপদ ও একাডেমিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান উপাচার্য। একইসঙ্গে সেবার মানোন্নয়নসহ বিভিন্ন প্রশাসনিক বিষয়ে শাখা প্রধানদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
পরে রেজিস্ট্রার দপ্তরের শাখা ও সেল প্রধানরা নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং প্রশাসনিক কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় শিক্ষক ব্যক্তিগত নথি, আইন ও গোপনীয়, নিয়োগ, উচ্চশিক্ষা, ছুটি, কর্মচারী ব্যবস্থাপনা, প্রেরণ, নির্বাচন, কম্পিউটার, একাডেমিক, তথ্য ও জনসংযোগসহ বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, একই দিন সকাল থেকে উপাচার্য দপ্তরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, আবাসিক হল, দপ্তর এবং ছাত্র ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।