বুধবার ১১, মার্চ ২০২৬

বুধবার ১১, মার্চ ২০২৬ -- : -- --

জাককানইবি ক্যাম্পাসে মাদুর পেতে শিবিরের ইফতার

জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ১০:৪৬ এএম

আমন্ত্রিত অতিথি ইউটিএল-এর সদস্য সচিব মো. হারুনুর রশিদ

‎জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বিশ্ববিদ্যালয় শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদুর পেতে  আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

‎আয়োজনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোমাইনুল ইসলাম বলেন, “নজরুলিয়ানদের জন্য মাদুর পেতে এমন ইফতার আয়োজন সত্যিই অনন্য ছিল। সবার অংশগ্রহণে ক্যাম্পাসে একটি উৎসবমুখর ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয়েছে, যা আমাদের ঈদের আমেজ মনে করিয়ে দিয়েছে।” 

ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার পাশাপাশি খাবারের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত অন্যান্য শিক্ষার্থীরা।

‎শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. রাসেল মিয়ার সঞ্চালনায় ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউটিএল-এর সদস্য সচিব মো. হারুনুর রশিদ। তিনি তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে ছাত্রসংগঠনটির গঠনমূলক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা আশা করি জাককানইবি শাখা ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়ন, গবেষণা এবং নারী শিক্ষার্থীদের অধিকার রক্ষায় যথাযথ অবদান রাখবে। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ক্যাম্পাস বজায় রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

‎বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ রিমন বলেন, “আমাদের মূল লক্ষ্য ছিল দল-মত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করা। আমরা এমন একটি ক্যাম্পাস গড়ার স্বপ্ন দেখি যেখানে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকবে। শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রশিবির অতীতেও পাশে ছিল এবং ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি অব্যাহত রাখবে।”

‎প্রাণবন্ত এই ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ১৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Link copied!