প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জানিয়েছেন, ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি আগামী রবিবারের মধ্যে প্রকাশ করা হবে। তিনি সোমবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গত কয়েক মাসে ৪৮তম ও ৪৯তম বিসিএস পরীক্ষা খুব অল্প ব্যবধানে আয়োজন হওয়ায় নভেম্বরের শুরুতে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ সম্ভব হয়নি। তবে বর্তমানে বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া এগিয়ে চলছে।
চেয়ারম্যান আরও জানান, এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে মোট ১৭৬০ জনকে নিয়োগ দেওয়া হবে। নন-ক্যাডারের পদসংখ্যা চূড়ান্ত না হলেও, বিজ্ঞপ্তিতে যতগুলো পদ থাকবে, পরে তা বৃদ্ধি করা যেতে পারে।
এছাড়া, বিসিএসের আবেদন ফি এবং বয়সসীমা সম্পর্কেও কিছু পরিবর্তন এসেছে। ২০২৪ সালের ১১ ডিসেম্বর জারিকৃত প্রজ্ঞাপনের অনুযায়ী সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা করা হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিসিএসের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর থেকে ৩২ বছরে উন্নীত করা হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ অনুষ্ঠিত ৪৭তম বিসিএসে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী আবেদন করেছিলেন। ওই পরীক্ষায় শূন্য ক্যাডার পদ ছিল ৩৪৮৭টি এবং নন-ক্যাডার পদ ছিল ২০১টি।
পিএসসি চেয়ারম্যান আশা প্রকাশ করেছেন যে, আগামি রবিবারের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবে। তিনি সতর্ক করেছেন, প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের পর বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ভালোভাবে পড়তে হবে।
