বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬

বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬ -- : -- --

শিক্ষার্থীদের জন্য ফ্রি জেমিনি প্রো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১২:৩০ পিএম

গুগল বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর প্রিমিয়াম পরিকল্পনা ‘জেমিনি প্রো প্ল্যান’ পুরো এক বছরের জন্য বিনা মূল্যে ব্যবহারের সুযোগ ঘোষণা করেছে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এবার সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও কানাডার মতো একই সুবিধা পাবেন। এই অফারের আওতায় জেমিনি ২.৫ প্রো মডেলসহ উন্নত গবেষণা টুল, অডিও সারাংশ, কুইজ তৈরির ফিচার এবং সীমাহীন ইমেজ আপলোড ব্যবহারের সুবিধা যুক্ত থাকবে। এর সঙ্গে শিক্ষার্থীরা পাবেন ২ টেরাবাইট ক্লাউড স্টোরেজ, যা গুগল ফটোস, ড্রাইভ ও জিমেইলে ব্যবহার করা যাবে। অফারটি ৯ ডিসেম্বরের আগে সক্রিয় করতে হবে।

 

কারা আবেদন করতে পারবেন

 

গুগল জানিয়েছে, এই সুবিধা পেতে শিক্ষার্থীদের কিছু যোগ্যতা পূরণ করতে হবে।

– আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।

– শেয়ারআইডি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থী পরিচয় যাচাই করতে হবে।

– বিশ্ববিদ্যালয় ইমেইল নয়, ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট থাকতে হবে।

– গুগল প্লে স্টোরের মাধ্যমে Google AI Pro সাবস্ক্রিপশন সক্রিয় করতে হবে।

 

বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইতালি, স্পেন, কানাডা, ঘানা ও দক্ষিণ আফ্রিকার শিক্ষার্থীরা এ সুবিধার আওতায় থাকবেন।

 

যেসব প্রিমিয়াম সুবিধা মিলবে

 

শিক্ষার্থীরা লেকচারের নোট, বইয়ের ছবি বা অ্যাসাইনমেন্টের প্রশ্নের ছবি তুলেই ইনস্ট্যান্ট বিশ্লেষণ পেতে পারবেন। কোর্স সামগ্রী থেকে স্বয়ংক্রিয়ভাবে কুইজ, ফ্ল্যাশকার্ড ও স্টাডি গাইড তৈরি করবে জেমিনি। জটিল বিষয়ের গভীর গবেষণা করে সোর্সসহ বিস্তারিত রিপোর্ট তৈরির ‘ডিপ রিসার্চ’ সুবিধাও তারা পাবেন।

এ ছাড়া ভিও ৩.১ ফাস্ট টুলের মাধ্যমে টেক্সট বা ইমেজ থেকে অডিওসহ ভিডিও তৈরি করা যাবে। বই, অধ্যায় বা দীর্ঘ লেকচার অডিও আকারে শোনার সুযোগ দেবে ‘অডিও ওভারভিউ’। জেমিনি লাইভের মাধ্যমে রিয়েল-টাইম কথোপকথনে প্রেজেন্টেশন প্রস্তুতি ও আইডিয়া জেনারেশনে সহায়তা নেওয়া যাবে।

 

অন্তর্ভুক্ত অ্যাপ ও টুল

 

অফারের অংশ হিসেবে জিমেইল, ডকস, শিটস, স্লাইডস ও মিটে সরাসরি এআই সহায়তা পাওয়া যাবে। উন্নত লেখালেখি ও গবেষণার জন্য নোটবুক এলএমও ব্যবহারের সুযোগ থাকবে। তবে এ অফার বিশ্ববিদ্যালয়ের গুগল ওয়ার্কস্পেস অ্যাকাউন্টে প্রযোজ্য নয়—শুধুমাত্র ব্যক্তিগত জিমেইল ব্যবহারকারীরা এটি সক্রিয় করতে পারবেন।

Link copied!