প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বাণিজ্য অনুষদের ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১৫ নভেম্বর, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নতুন সূচি অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদনের সময়সীমা প্রসঙ্গে উপাচার্য বলেন, আগামী ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। যেসব শিক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন, তাদের ফল প্রকাশের পর আবেদনের ভিত্তিতে ভর্তি পরীক্ষায় আবেদন করার জন্য নতুন করে ৫ থেকে ৭ দিন সময় দেওয়া হবে।
ভর্তির যোগ্যতা শিথিলের বিষয়ে উপাচার্য জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মানবিক ও বাণিজ্য শাখার আবেদনকারীদের এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০।
অন্যদিকে, বিজ্ঞান শাখার আবেদনকারীদের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
এর আগে, ১ জানুয়ারি থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু করার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
