সোমবার ০২, নভেম্বর ২০২৬

সোমবার ০২, নভেম্বর ২০২৬ -- : -- --

সিলেট ক্যাডেট কলেজের শতভাগ সাফল্য, ৫০ পরীক্ষার্থীর সবাই  পেয়েছে জিপিএ-৫

ছাইম ইবনে আব্বাস,এমসি কলেজ, সিলেট।

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম

ফাইল ফটো

এইচএসসি  পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে সিলেট ক্যাডেট কলেজ। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে অংশ নেওয়া ৫০ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। শুধু পাসই নয়, প্রত্যেকেই অর্জন করেছেন জিপিএ-৫। শতভাগ পাসের পাশাপাশি শতভাগ জিপিএ-৫ অর্জনের এই সাফল্যে কলেজজুড়ে আনন্দের আবহ বিরাজ করছে।

সিলেট শিক্ষা বোর্ডের এবারের ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে ৫০ দশমিক ৯০ শতাংশ, যা গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন। এমন প্রতিকূল ফলাফলের মধ্যেও সিলেট ক্যাডেট কলেজের শতভাগ পাস ও শতভাগ জিপিএ-৫ অর্জন বিশেষভাবে আলোচনায় এসেছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে সিলেট ক্যাডেট কলেজের ৫০ জন, ফেঞ্চুগঞ্জের শাহজালাল এনজিএফএফ স্কুল অ্যান্ড কলেজের ৩১ জন, সুনামগঞ্জের আইডিয়াল ভিশন কলেজের সাতজন, মৌলভীবাজারের শমসেরনগরের বিএএফ শাহীন কলেজের ২৩৮ জন, হবিগঞ্জের মাধবপুরের ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল অ্যান্ড কলেজের তিনজন এবং আজমিরীগঞ্জের হাজী আবদুল হাকিম ভূঁইয়া হাইস্কুল অ্যান্ড কলেজের একজন পরীক্ষার্থী শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছেন।

তবে শতভাগ পাসের পাশাপাশি কলেজের ৫০ জন শিক্ষার্থীর প্রত্যেকের জিপিএ-৫ অর্জন সিলেট ক্যাডেট কলেজের সাফল্যকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

সিলেট শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলাফলে যেখানে পাসের হার গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন, সেখানে সিলেট ক্যাডেট কলেজের এই ফলাফল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।

Link copied!