প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়নের লক্ষ্যে আগামী সোমবার (২৬ অক্টোবর) প্রথম সভা অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
সভায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাসনাত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক কেএম আজম চৌধুরী এবং ইউজিসি সচিব মো. ফখরুল ইসলামসহ অন্যরা উপস্থিত থাকবেন।
ইউজিসি সূত্রে জানা গেছে, একাধিক বৈঠকের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আইনের খসড়া তৈরি করা হবে। পরে খসড়াটি ইউজিসি চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হবে।
এর আগে কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (ইউবিইএসটি)’ নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিতে গত সেপ্টেম্বরে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের বিপুল সম্ভাবনাময় সামুদ্রিক সম্পদ কাজে লাগাতে প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য।
কক্সবাজারে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীকে আধা-সরকারি পত্র দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
