শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬

শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ -- : -- --

গ্লোব শপিং সেন্টারে হামলা-ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৫ পিএম

সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকার গ্লোব শপিং সেন্টারের একটি দোকানে হামলা, ভাঙচুর, মালামাল লুট ও দখলের চেষ্টার অভিযোগে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের তিন নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সহসভাপতি পদমর্যাদার কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম এবং সদস্য শেখ পারভেজ মোশাররফ ও সাগর খানের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

এ সিদ্ধান্তে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে নিউমার্কেটের গ্লোব শপিং সেন্টারের একটি দোকানে হামলা, ভাঙচুর ও দখলের চেষ্টার অভিযোগ ওঠে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ সময় দোকানটির ভাড়াটিয়া ব্যবসায়ী আমিনুল ইসলাম, তাঁর ছেলে এবং মার্কেটের ব্যবস্থাপক জুয়েল রানাকে মারধরের অভিযোগও ওঠে।

এ ঘটনায় মার্কেটের ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দোকানমালিক কর্তৃপক্ষ।

Link copied!