প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পিএম
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে চলতি সপ্তাহে সভা করতে পারে শিক্ষা মন্ত্রণালয়। সভায় বদলি কার্যক্রমের সফটওয়্যার-সংক্রান্ত বিষয় এবং শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, শিক্ষকদের বদলির আবেদন শেষ হওয়ার এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও ফল প্রকাশ করা হয়নি। এতে শিক্ষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ইতোমধ্যে বিভিন্ন শিক্ষক সংগঠন আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুত বদলির ফল প্রকাশের বিষয়ে সভা আয়োজনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
সূত্র জানায়, শিক্ষকদের আন্দোলনের প্রস্তুতির বিষয়টি শিক্ষা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অবগত আছেন। কীভাবে দ্রুত বদলির ফল প্রকাশ করা যায়, তা নিয়ে আলোচনা চলছে। তবে ফল প্রকাশের আগে আরও কয়েকটি সভা করতে হবে। এ কারণে চলতি সপ্তাহে একটি সভা হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘শিক্ষকদের বদলির ফল প্রকাশ ইস্যুতে চলতি সপ্তাহে সভা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সভার তারিখ নির্ধারিত হবে মন্ত্রণালয়ের মাধ্যমে।’
নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘শিক্ষকদের বদলির ফল প্রকাশের বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে। তবে বেশ কিছু বিষয় অমীমাংসিত অবস্থায় রয়েছে। বিষয়গুলো সমাধানে শিগগিরই সভা করা হবে।’
এদিকে, বেসরকারি শিক্ষকদের বদলির ফল প্রকাশে বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি বলেছেন, ‘বদলির ফয়সালা রাজপথেই হবে।’
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলতে চাই—সবাই প্রস্তুতি নিন! বদলির ফয়সালা রাজপথেই হবে, ইনশা-আল্লাহ।’
