প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফিশারীজ অনুষদের উদ্যোগে মৎস্য উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) ‘Entrepreneurship Training on Value-Added Fish and Fish Products: Preparation, Packaging, Traceability and Food Safety’ শীর্ষক এ প্রশিক্ষণে রাজশাহী ও নাটোর জেলার ১৫ জন মৎস্য উদ্যোক্তা অংশ নেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাছের মূল্য সংযোজিত পণ্য তৈরি, আধুনিক প্যাকেজিং, পণ্যের উৎস ও সরবরাহ-শৃঙ্খল অনুসরণ এবং খাদ্যনিরাপত্তা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে, হাতে-কলমে মাছের বিভিন্ন মূল্য সংযোজিত পণ্য প্রস্তুত ও প্যাকেজিংয়ের কৌশল শেখানো হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান মন্ডল।
আয়োজকেরা জানান, মৎস্য উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, নিরাপদ ও মানসম্মত মূল্য সংযোজিত মৎস্যপণ্য উৎপাদনে উৎসাহিত করা এবং এ খাতে উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
তাঁদের আশা, এ ধরনের প্রশিক্ষণ দেশের মৎস্যসম্পদের সর্বোত্তম ব্যবহার, মৎস্যপণ্যের বহুমুখীকরণ এবং মৎস্য খাতের টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে।
