শনিবার ০৩, অক্টোবর ২০২৬

শনিবার ০৩, অক্টোবর ২০২৬ -- : -- --

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার'-এ মনোনীত সিলেটের জামিউল

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ১০:২১ পিএম

ছবিঃ শিশু সাংবাদিক জামিউল হাসান আরাফ

শিশুদের প্রতিটি অধিকার ও নিষ্পাপ স্বপ্নের সুরক্ষায় কলম ধরেছিল সিলেটের এক কিশোর। সুবিধাবঞ্চিত, শিক্ষার সুযোগবঞ্চিত আর বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা শিশুদের না বলা কথাগুলো সাহসের সঙ্গে তুলে ধরেছিল সংবাদের পাতায়। সেই একনিষ্ঠ লড়াই আজ আন্তর্জাতিক অঙ্গনে এনে দিল এক অনন্য গৌরব।

`শিশুদের নোবেল’ খ্যাত মর্যাদাপূর্ণ ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬’-এর জন্য মনোনীত হয়েছেন সিলেটের প্রতিভাবান তরুণ শিশু সাংবাদিক জামিউল হাসান আরাফ। নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থার ২০২৬ সালের বিশ্বমঞ্চের মনোনীতদের তালিকায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে স্থান করে নিয়েছেন তিনি।


ছোটবেলা থেকেই আরাফের চোখ এড়িয়ে যায়নি সমাজের অন্ধকার দিকগুলো। বেড়ে ওঠার দিনগুলোতে নিজ চোখেই প্রত্যক্ষ করেছেন সুবিধাবঞ্চিত শিশুদের বঞ্চনার গল্প। কুঁড়েঘরে পড়ালেখার বয়স শেষ হয়ে যাওয়া, সামান্য টাকার জন্য শিশুশ্রমে হারিয়ে যাওয়া নিষ্পাপ শৈশব কিংবা অসচেতনতায় থমকে যাওয়া কোনো কিশোরীর পড়ালেখা—এসব চিত্র তার তরুণ মনকে ভীষণভাবে নাড়া দেয়। মনে জমে থাকা সেই কষ্ট আর ক্ষোভকেই তিনি বানিয়ে নেন তার সবচেয়ে বড় শক্তি।শিশুদের অধিকার হরণ ও সামাজিক অবিচারের চিত্র মানুষের সামনে আনতে আরাফ বেছে নেন সাংবাদিকতার পথ। শিশুভিত্তিক সংবাদমাধ্যম 'হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'-এ তার লেখা একের পর এক সাহসী প্রতিবেদন নজর কাড়তে শুরু করে সবার। কেবল সংবাদের পাতাতেই সীমাবদ্ধ থাকেননি আরাফ; সমাজ রূপান্তরের কারিগর হিসেবে যুক্ত হন নানা স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডে। শিশুশ্রম রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং প্রতিটি শিশুর মৌলিক শিক্ষার অধিকার নিশ্চিত করতে সচেতনতা সৃষ্টিই হয়ে ওঠে তার দিনরাত্রির প্রধান লক্ষ্য।

২০০৫ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশের রূপান্তরকারী তরুণদের শিশু অধিকার রক্ষায় অবদানের জন্য আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে। সেই সম্মানজনক বৈশ্বিক মঞ্চে জামিউল হাসান।আরাফের এই নাম অন্তর্ভুক্তি কেবল তার নিজের নয়, বরং বাংলাদেশের সকল শিশু ও তরুণ পরিবর্তনকামীদের জন্য এক বিশাল অর্জন।

আন্তর্জাতিক এই অর্জনে উচ্ছ্বসিত আরাফ জানান, এই স্বীকৃতি তার কাজের দায়িত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শিশুদের জন্য একটি নিরাপদ, সুন্দর ও বৈষম্যহীন পৃথিবী গড়ার যে স্বপ্ন তিনি বুকে লালন করেন, তা বাস্তবায়নে ভবিষ্যতেও নিজের কলম ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই উদীয়মান শিশু সাংবাদিক।

Link copied!