বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ -- : -- --

আবাসিক হলে ডিপ ফ্রিজ দিল রাকসুর 'সম্মিলিত শিক্ষার্থী জোট'

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৭ এএম

সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছেলেদের ১১টি আবাসিক হলে ডিপ ফ্রিজ দিয়েছে রাকসুতে শিবির-সমর্থিত প্যানেল 'সম্মিলিত শিক্ষার্থী জোট'।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরেবিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে হল সংসদের কাছে ফ্রিজগুলো হস্তান্তর করা হয়।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রিজগুলো রাকসুর তহবিলের অর্থে কেনা হয়নি, বিভিন্ন জায়গা থেকে স্পনসর সংগ্রহ করে এগুলোর ব্যবস্থা করা হয়েছে।

রাকসুর সদ্য সাবেক ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আবাসিক হলগুলোতে খাবার সংরক্ষণের জন্য ফ্রিজের দীর্ঘদিনের চাহিদা ছিল। ছাত্রদের হলগুলোতে ফ্রিজ না থাকায় সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে নিজস্ব উদ্যোগে ফ্রিজের ব্যবস্থা করা হয়েছে। প্রথম ধাপে ছাত্রদের সব হলে ফ্রিজ দেওয়া হচ্ছে। পরবর্তী ধাপে ছাত্রীদের হলগুলোতেও ফ্রিজ দেওয়ার চেষ্টা করব। রাকসুর মেয়াদ শেষ হলেও শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রশিবিরের পক্ষ থেকে কার্যক্রম অব্যাহত থাকবে।’

রাকসুর এজিএস সালমান সাব্বির বলেন, ‘শিক্ষার্থীদের প্রতি আমাদের অন্যতম অঙ্গীকার ছিল প্রতিটি আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দেওয়া। সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে পেরেছি। তবে এসব ফ্রিজ সব শিক্ষার্থীর জন্য যথেষ্ট না-ও হতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও ফ্রিজ দেওয়ার বিষয়ে অঙ্গীকার করেছে। আমরা শিক্ষার্থীদের দেখাতে চাই, সদিচ্ছা ও সৎ নিয়ত থাকলে অনেক কিছুই করা সম্ভব।’

শাখা শিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান বলেন, ‘আমাদের ইশতেহারে এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া ছিল প্রতিটি হলে যেন একটি করে ডিপ ফ্রিজ দেওয়া হয়। সম্মিলিত শিক্ষার্থী জোট, আমরা, আমাদের যে রাকসুর দায়িত্ব নেতৃবৃন্দ ছিল, তারাও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে যোগাযোগ করেছিলেন, প্রশাসন আশ্বস্ত করেছিলেন দেওয়ার, কিন্তু সর্বশেষ পর্যায়ে হয়তো ব্যবস্থা হয়নি।’ 

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন জায়গায় কথা বলে স্পন্সর ম্যানেজ করেছি। শিক্ষার্থীদের জন্য আমরা ডিপ ফ্রিজের ব্যবস্থা করেছি।ইতোমধ্যে ইসলামী ছাত্রশিবির যেভাবে শিক্ষার্থীদের পাশে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের যেকোনো সংকটে, যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে ইসলামী ছাত্রশিবির থাকবে।’

শাহ মখদুম হলের ভিপি শামীম পাটোয়ারী বলেন, ‘গত বছরের ১৬ অক্টোবর হল ও রাকসু নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জনের পর থেকে আমরা হল ও ক্যাম্পাসে কাজ করার চেষ্টা করছি। আমাদের তহবিল সীমিত ছিল। ইশতেহার অনুযায়ী, হলগুলোতে ফ্রিজ দেওয়ার উদ্যোগ নিয়েছি। এ মাসের শুরুতে হল সংসদগুলোর পক্ষ থেকে উপাচার্যের কাছে ফ্রিজ, জিমনেসিয়াম ও কম্পিউটার ল্যাবের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছিল। প্রশাসন বা রাকসুর তহবিল থেকে অর্থের ব্যবস্থা না হলেও নিজস্ব উদ্যোগে স্পনসর সংগ্রহ করে ফ্রিজ দেওয়ায় রাকসুকে ধন্যবাদ জানাই।’

এতে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, রাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ এবং শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!