বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ -- : -- --

সমাবর্তনে সহনশীল ফি নির্ধারণের দাবি ইবির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩২ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আসন্ন ৫ম সমাবর্তনকে আরও শিক্ষার্থীবান্ধব ও অংশগ্রহণমূলক করতে খাতভিত্তিক ফি পুনর্বিন্যাসের প্রস্তাব দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (বিএনপিপন্থী)। শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা ও সার্বিক ব্যয় বিবেচনায় নিয়ে একটি সহনশীল ও ভারসাম্যপূর্ণ ফি কাঠামো প্রণয়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এক যৌথ বিবৃতিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান এই প্রস্তাবনা তুলে ধরেন। তাঁরা বলেন, সমাবর্তন একজন শিক্ষার্থীর দীর্ঘ শিক্ষাজীবনের অর্জন ও সাফল্যের আনুষ্ঠানিক স্বীকৃতি। তাই এই আয়োজনে যেন অধিকাংশ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারেন, সেজন্য ফি নির্ধারণের ক্ষেত্রে সচেতন থাকা প্রয়োজন।

সংগঠনটির পক্ষ থেকে প্রস্তাবিত ফি কাঠামোতে সমাবর্তন ফি সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি সনদের ক্ষেত্রে স্নাতকে ৫০০ টাকা, স্নাতকোত্তরে ৭০০ টাকা, এমফিলে এক হাজার থেকে দেড় হাজার টাকা এবং পিএইচডি সনদের জন্য দেড় হাজার থেকে দুই হাজার টাকা নির্ধারণের পরামর্শ দেওয়া হয়। এছাড়া একজন শিক্ষার্থী যাতে পরিবারের সর্বোচ্চ পাঁচজন সদস্যকে নিয়ে অংশ নিতে পারেন, সেজন্য জনপ্রতি অতিথি ফি ৫০০ থেকে ৮০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সমাবর্তনের ফি সহনীয় পর্যায়ে রাখা হলে অধিকসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন এবং পরিবারের সদস্যদের সাথে এই গৌরবময় আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পারস্পরিক আলোচনা ও অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি যৌক্তিক, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব ফি কাঠামো চূড়ান্ত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতারা।

এই ব্যাপারে সমাবর্তন রেজিস্ট্রেশন উপ কমিটির আহবায়ক অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান বলেন, সমাবর্তনের রেজিষ্ট্রেশন ফি নির্ধারণের এখতিয়ার মূলত প্রশাসনের। আমরা প্রাথমিকভাবে একটি ফি এর কথা বলেছি, সেটা পুনরায় রিভিউ করা হবে কিনা তা নিশ্চিত না। ভাইস চ্যান্সেলর যদি চান তাহলে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তাবনাটি বিবেচনা করতে পারেন। আগামী সপ্তাহে সমাবর্তনের বাজেট বিষয়ক মিটিং আছে। তখন চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। 

প্রসঙ্গত, আগামী বছরের ২ ফেব্রুয়ারি ইবির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে নিবন্ধন ও সনদ ফি মিলিয়ে ৬ হাজার টাকা নির্ধারণের পরিকল্পনা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে নিবন্ধন ফি ৫ হাজার এবং সনদ ফি ১ হাজার টাকা ধার্যের পরিকল্পনা রয়েছে। আগামী ৫ নভেম্বর থেকে শুরু হয়ে সমাবর্তনের রেজিস্ট্রেশন চলবে ২০ নভেম্বর পর্যন্ত।

Link copied!