মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ১১:৩৫ এএম
শুক্রবার ২৮, আগস্ট ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় আহত অবস্থায় বলাই দাস (৩৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান* জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারতীয় একটি চোরাকারবারি দল বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশের চেষ্টা করছে।
এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে বিজিবির একটি বিশেষ টহলদল কুমারশাইল এলাকায় অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করে। এসময় সহযোগিরা পালিয়ে যেতে সক্ষম হলেও গুলিবিদ্ধ অবস্থায় বলাই দাসকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে আটকৃতের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক বলাই দাস বর্তমানে বিজিবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এ ঘটনার পর কুমারশাইল সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।