প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১১:৩৩ এএম
রুয়েটের ব্লাড ডোনেশন ক্লাব ‘নিরাপদ রক্তের বন্ধন’ (নিরব) ও ব্লাড কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কর্মশালাটির আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মশালায় প্রাথমিক চিকিৎসার মৌলিক ধারণা, শ্বাসনালিতে বস্তু আটকে গেলে করণীয়, শারীরিক শকের ক্ষেত্রে জরুরি ব্যবস্থা, আহত ব্যক্তিকে নিরাপদে স্থানান্তর, দগ্ধ হওয়া ও হাড় ভাঙার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া রক্তপাত নিয়ন্ত্রণ এবং হৃদ্যন্ত্র ও শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে গেলে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দেওয়ার পদ্ধতিও শেখানো হয়।
কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লাড কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। তিনি জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষায় প্রাথমিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরবের সভাপতি ও রুয়েটের শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নওশাদ হোসেন রাকিব।
আয়োজকেরা জানান, অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে হাতে-কলমে প্রশিক্ষণ ও বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার কৌশল শেখানো হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পান।
কর্মশালার শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের দক্ষতা মূল্যায়ন করা হয়। মূল্যায়নে তাঁদের পারফরম্যান্সের ভিত্তিতে অবস্থান নির্ধারণ করে কৃতিত্ব অর্জনকারীদের উপহার দেওয়া হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে।
আকস্মিক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং জরুরি পরিস্থিতিতে কার্যকরভাবে সাড়া দেওয়ার ক্ষেত্রে এ প্রশিক্ষণ শিক্ষার্থীদের কাজে আসবে বলে আশা করছেন আয়োজকেরা।
