প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পিএম
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নিন্দা এবং দ্রুত নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা ।
শনিবার (১০ অক্টোবর) সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ জনানো হয়।
আরো বলা হয়, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা শেষমুহূর্তে স্থগিত করা হয়েছে। অতীতে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণিত অভিযোগের মাঝেও পরীক্ষা চালিয়ে যাওয়ার যে সংস্কৃতি গড়ে তোলা হয়েছিল, এর বিপরীতে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পেলে পরীক্ষা স্থগিত করা শ্রেয়তর পদক্ষেপ। কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি একটি গর্হিত অপরাধ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনভাবেই এর দায় এড়াতে পারে না। প্রশ্নফাঁসের ঘটনায় যারা জড়িত, তাদের কঠোরতম শাস্তি নিশ্চিত করার কোন বিকল্প নেই। একইসঙ্গে পরবর্তীতে এধরণের ঘটনা এড়াতে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
আরো বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, লক্ষাধিক পরীক্ষার্থী ঢাকায় পরীক্ষার জন্য এসে শেষমুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়া অনভিপ্রেত বিষয়। এতে শিক্ষার্থীদের যে মানসিক, আর্থিক ও শারীরিক ক্ষতি হয়েছে, তা অপরিমেয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাকুরীপ্রার্থীদের এধরণের ক্ষতি ও বিড়ম্বনার বিষয়ে সমব্যথী। আমরা এই অমার্জনীয় অপরাধের নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে পরিকল্পিতভাবে প্রশ্নপত্র ফাঁসকারী ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে এই নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করতে হবে। ভবিষ্যতে যেকোন উপায়ে প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে হবে।
প্রসঙ্গত, আজ শনিবার সকাল ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে (১১তম গ্রেড) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে সারাদেশ থেকে তিন লাখের বেশি প্রার্থীর এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এজন্য রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে প্রশ্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরলে সংশ্লিষ্ট অধিদপ্তর এ পরীক্ষা স্থগিত করে।
