সোমবার ১৭, আগস্ট ২০২৬

সোমবার ১৭, আগস্ট ২০২৬ -- : -- --

ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০ এর ফাইনাল অনুষ্ঠিত

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৭:৩৫ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বটি আয়োজিত হয়। এতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) দুটি দল চ্যাম্পিয়ন ও প্রথম রানার-আপ হয়। দ্বিতীয় রানার-আপ হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একটি দল। 

অ্যাডউইজ ২.০ জাতীয় পর্যায়ের একটি বিজ্ঞাপন প্রতিযোগিতা। ব্র্যাক ইউনিভার্সিটি বিজনেস ক্লাব (বিজ বি) আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ের ৭৫০টিরও বেশি দল অংশ নেয়।শনিবার, ১৫ আগস্ট ২০২৬ এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

চ্যাম্পিয়ন হয়েছে দল ‘উন্নয়ন’। দলটি পুরস্কার হিসেবে দুই লাখ টাকা পেয়েছে। প্রথম রানার-আপ দল ‘ফার্স্ট টাইমার’ পেয়েছে এক লাখ টাকা এবং দ্বিতীয় রানার-আপ ব্র্যাক ইউনিভার্সিটির দল ‘অ্যাডভার্স’ পেয়েছে ৫০ হাজার টাকা।

প্রতিযোগিতাটি কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী দলগুলোকে একটি নির্ধারিত ব্র্যান্ডকে ঘিরে বিজ্ঞাপনের ধারণা ও প্রচারণার পরিকল্পনা তৈরি করতে হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞাপন ও বিপণন খাতের বাস্তব কাজ সম্পর্কে হাতেকলমে ধারণা লাভ করে। চূড়ান্ত পর্বে নির্বাচিত দলগুলো ইন্ডাস্ট্রির অভিজ্ঞ পেশাজীবীদের সামনে তাদের পরিকল্পনা উপস্থাপন করে। দলগুলোকে গবেষণা, সৃজনশীলতা, সমস্যা বিশ্লেষণ এবং সমাধান দেওয়ার সক্ষমতার ভিত্তিতে মূল্যায়ন করা হয়।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড। তিনি বলেন, শিক্ষার্থীরা যখন শ্রেণিকক্ষের শেখাকে বাস্তব জীবনের চ্যালেঞ্জের সঙ্গে যুক্ত করতে পারে এবং তার সমাধান নিয়ে কাজ করার সুযোগ পায়, তখন তাদের শেখার অভিজ্ঞতা আরও অর্থবহ হয়ে ওঠে।

গ্র্যান্ড ফাইনালের বিচারক প্যানেলে ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ইমরানুল কবির, এসিআই-এর ফিল্ড মার্কেটিং অপারেশন্সের ডিরেক্টর মাহমুদুর রহমান ভূঁইয়া, রেকিটের সাপ্লাই ডিরেক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন এবং ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অব কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার।

Link copied!