প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১০:৫০ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য অন্তর্ভুক্ত করায় দলের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। একই সঙ্গে নবনিযুক্ত চার সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সংগঠনটি।
রোববার (১৬ আগস্ট) এক বিবৃতিতে ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. গোলাম ছাদিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আমীরুল ইসলাম এ অভিনন্দন জানান।
বিবৃতিতে তাঁরা বলেন, দলের ত্যাগী, পরীক্ষিত, অভিজ্ঞ ও যোগ্য নেতাদের জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত বিএনপিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করবে। নতুন সদস্যরা তাঁদের রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতা কাজে লাগিয়ে গণতন্ত্র সুসংহত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন।
ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার সদস্যের অন্তর্ভুক্তির মাধ্যমে রাজনীতি, চিকিৎসা, পেশাজীবী অঙ্গন ও প্রশাসনে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয় হয়েছে। তাঁরা নবনিযুক্ত সদস্যদের রাজনৈতিক ও পেশাগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
বিবৃতিতে রুহুল কবির রিজভী সম্পর্কে বলা হয়, তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের দপ্তরের দায়িত্বে ছিলেন। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত রিজভী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচিত সহসভাপতি (ভিপি) ছিলেন। নব্বইয়ের দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাঁর ভূমিকার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়।
আমান উল্লাহ আমান সম্পর্কে তারা বলেন, তিনি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক নির্বাচিত ভিপি। নব্বইয়ের দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন এবং বিভিন্ন সময়ে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারকে একজন চিকিৎসক, ক্যানসার বিশেষজ্ঞ ও পেশাজীবী নেতা হিসেবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তিনি ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি বিভিন্ন পেশাজীবী ও বিএনপির সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
স্থায়ী কমিটির আরেক নতুন সদস্য মো. ইসমাইল জবিহউল্লাহ সম্পর্কে বিবৃতিতে বলা হয়, তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের সাবেক কর্মকর্তা। প্রশাসনিক জীবনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। অবসরের পর তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং দলটির বিভিন্ন কার্যক্রমে দায়িত্ব পালন করছেন।
বিবৃতিতে নবনিযুক্ত চার সদস্যকে তাঁদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী ও জনগণের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
