প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১০:০১ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু হবে ১২ নভেম্বর, চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে প্রশাসন ভবন-১-এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এসব বিষয়ে সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।
সুপারিশ অনুযায়ী, ‘বি’ ইউনিট বা বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ বছর ভর্তি পরীক্ষা শুরু হবে। আগামী ৮ জানুয়ারি এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিজ্ঞান ইউনিট তথা ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। সর্বশেষ ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিট বা মানবিক ও কলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নয়, দেশের আরও ছয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্র হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর।
