বৃহস্পতিবার ১৩, আগস্ট ২০২৬

বৃহস্পতিবার ১৩, আগস্ট ২০২৬ -- : -- --

মৌলভীবাজারে কিশোর গ্যাংয়ের হামলায় কিশোর গুরুতর আহত, অবস্থা আশঙ্কাজনক

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০২:৪৫ পিএম

হাসান আহমেদ (১৬)

মৌলভীবাজার শহরের ব্যস্ততম কুসুমবাগ এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয়ে সিলেটের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে হাসান আহমেদ (১৬) নামের এক কিশোর। ধারালো অস্ত্রের আঘাতে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

গতকাল বুধবার রাত আনুমানিক ৯টার দিকে কুসুমবাগ এলাকার ‘সুমা ফুড’-এর সামনে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের রায়পুর গ্রামের আলীম উদ্দিনের ছেলে সানি মিয়া দীর্ঘদিন ধরে হাসানকে নানাভাবে হেনস্তা করে আসছিল। এরই জের ধরে পূর্বপরিকল্পিতভাবে সানি ও তার সহযোগীরা হাসানের ওপর হামলা চালায়। হামলায় সানির নেতৃত্বাধীন কিশোর গ্যাংয়ের প্রায় ১৫ থেকে ২০ জন সদস্য অংশ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সানি ও তার দলের সদস্যরা হাসানকে চারপাশ থেকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। শহরের ব্যস্ততম এলাকায় প্রকাশ্যে এমন ঘটনায় মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসান গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে গেলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হওয়ায় ঘটনাস্থলেই হাসান অচেতন হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত সিলেট ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে সে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, গুরুতর আঘাতের কারণে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শহরের প্রধান বাণিজ্যিক এলাকায় প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের এমন হামলায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দ্রুত এই কিশোর গ্যাংয়ের মূলহোতা সানি ও তার সহযোগীদের গ্রেফতার করা না হলে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটবে।

Link copied!