প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৮:৪৩ এএম
তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তন, অপতথ্য ও ভুয়া সংবাদের বিস্তার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন বাস্তবতায় সাংবাদিকতার মানোন্নয়নে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) শুরু হয়েছে ‘গণমাধ্যম বিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স ২০২৬’-এর নতুন ব্যাচ।
শনিবার (৮ আগস্ট) রাজধানীর সার্কিট হাউস রোডে পিআইবির অডিটোরিয়ামে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও প্রশিক্ষণার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে সাংবাদিকতার পেশাগত দক্ষতা, তথ্য যাচাই, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পরিবর্তিত প্রযুক্তির সঙ্গে সাংবাদিকদের মানিয়ে নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ এবং গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি। অপতথ্য ও গুজবের সময়ে সংবাদকর্মীদের স্বাধীন, অনুসন্ধানী ও দায়িত্বশীল ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, সাংবাদিকতা এখন শুধু প্রচলিত সংবাদ সংগ্রহ ও পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নেই। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নতুন প্রযুক্তির বিকাশের ফলে সাংবাদিকদের সামনে যেমন নতুন সুযোগ তৈরি হয়েছে, তেমনি তৈরি হয়েছে নানা চ্যালেঞ্জ। এসব মোকাবিলায় সাংবাদিকদের নিয়মিত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের অগ্রগতির বিষয়টিও তুলে ধরেন ভাইস-চ্যান্সেলর। তিনি জানান, ২০২৭ সালের জুনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কোর্সে সেশনজট থাকবে না,এ লক্ষ্য সামনে রেখে একাডেমিক কার্যক্রমে গতি আনা, সিলেবাস আধুনিকায়ন এবং দক্ষতাভিত্তিক শিক্ষা চালুর কাজ চলছে।
চতুর্থ ও পঞ্চম শিল্পবিপ্লবের চাহিদা বিবেচনায় শিক্ষার্থীদের কর্মজীবনের উপযোগী করে গড়ে তুলতে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের কারিকুলাম প্রণয়নের কথাও জানান তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচি এবং মনন ও নেতৃত্ব বিকাশে ‘পারফর্মিং আর্টস কলেজ’ স্থাপনের উদ্যোগের কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, তাঁর নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে গতি এসেছে এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও বিশ্বমানের কোর্স-কারিকুলাম প্রণয়নে কাজ এগিয়ে যাচ্ছে।
পিআইবির সহযোগী অধ্যাপক মনিরা শরমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয়। এ সময় পিআইবির সমন্বয়ক, ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও প্রশিক্ষণার্থী সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
