প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৫:৫৫ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘শরীয়তপুর জেলা সমিতি, রাজশাহী’–এর (রাবি, রুয়েট ও রামেক) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে রাবির ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী মুজাহিদ হাসানকে সভাপতি এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শিহাব উদ্দিন খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আব্দুর রব জিমহাকে সাংগঠনিক সম্পাদক এবং মোহাম্মদ জয় ইসলামকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে।
কমিটি অনুমোদন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) গণিত বিভাগের অধ্যাপক এবং শরীয়তপুর জেলা সমিতি, রাজশাহীর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন গবেষক, লেখক ও কিডস ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা মো. কাইউম রোহান, পশ্চিমাঞ্চল রেলের অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়েলফেয়ার অফিসার এস. এম. আক্তার হোসেন এবং রাজশাহী অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনিসুর রহমানসহ অন্যরা।
নবনির্বাচিত সভাপতি মুজাহিদ হাসান বলেন, শরীয়তপুরের বিভিন্ন কলেজে দিকনির্দেশনামূলক কর্মসূচি আয়োজন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ পাবেন। পাশাপাশি জেলা সমিতির সদস্যদের নিয়ে ভ্রমণ, পিঠা উৎসব ও ফল উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন খান বলেন, ‘আত্মিক বন্ধনের ওপর ভিত্তি করে শরীয়তপুরের জন্য মেধাভিত্তিক, দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলাই আমাদের সংগঠনের প্রধান উদ্দেশ্য। পাশাপাশি জেলা সমিতির নিয়মিত ও ঐতিহ্যবাহী কর্মসূচিগুলোও নিষ্ঠার সঙ্গে অব্যাহত রাখার চেষ্টা করব।’
জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান কনিক বলেন, ‘যোগ্য নেতৃত্বের হাতেই জেলা সমিতির দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। আশা করি, তাঁরা নিষ্ঠা ও সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবেন।’
