বৃহস্পতিবার ০৬, আগস্ট ২০২৬

বৃহস্পতিবার ০৬, আগস্ট ২০২৬ -- : -- --

ভিক্টোরিয়া কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ভিক্টোরিয়া কলেজ থেকে রাকিব হোসেন

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০৬:৩৩ পিএম

প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পালিত হয়েছে মহান ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। বুধবার (৫ আগস্ট) সকালে কলেজের ডিগ্রি শাখায় দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে কলেজ প্রশাসন।

দিবসটি উপলক্ষে কলেজের ডিগ্রি শাখায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৯টায় ডিগ্রি শাখার প্রশাসন ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে কলেজ প্রশাসনের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে সকাল ১০টায় ডিগ্রি শাখার জিয়া অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের বক্তব্য উপস্থাপন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূঁঞা। বক্তব্যে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান অন্যায়ের বিরুদ্ধে সমবেত দাবানল। প্রথমে ছাত্রসমাজ মেধার জন্য আন্দোলন করেছিল। একপর্যায়ে সেই আন্দোলন ছাত্রদের গণ্ডি পেরিয়ে জনতার গণঅভ্যুত্থানে পরিণত হয়। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জারি রাখতে হবে। জুলাই আমাদের মাথা উঁচু করে চলতে শিখিয়েছে। অন্যায়ের কাছে মাথানত করা যাবে না, ন্যায়ের পক্ষে থাকতে হবে। কারও সঙ্গে অন্যায় নিয়ে আপস করা যাবে না।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী গোলাম মোহাম্মদ সোহরাব হাসান, ইতিহাস বিভাগের বিভাগীয প্রধান প্রফেসর মো. কাদিমুল হাসান প্রমূখ। 

এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, আবাসিক হল ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিনের শেষ কর্মসূচি হিসেবে বাদ যোহর কলেজের মসজিদগুলোতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের মাগফেরাত কামনায় কলেজ মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Link copied!