বৃহস্পতিবার ০৬, আগস্ট ২০২৬

বৃহস্পতিবার ০৬, আগস্ট ২০২৬ -- : -- --

মাভাবিপ্রবিতে শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

মাভাবিপ্রবি থেকে সাব্বির রহমান

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০১:৫৫ পিএম

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মাভাবিপ্রবিতে জাতীয় ব্যানার ও ফেস্টুন নিয়ে শোভাযাত্রা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের হলসমূহে বিশেষ খাবারের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা এবং বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। পরে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রার উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, “জুলাই আমাদের চেতনা। জুলাইয়ের আদর্শ আমাদের বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলব। আগামী প্রজন্ম বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি বলেন, আজকের এই আনন্দ শোভাযাত্রার উদ্দেশ্য হলো আমরা সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলব এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সমাজের মানুষের জন্য কাজ করে যাব। তিনি আরও বলেন, জুলাইয়ের শহীদ ও আহতদের রক্তের সঙ্গে আমরা কোনো দিন বেইমানি করব না। আজকের এই দিনে আমরা জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি।”

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, “রাজমুকুট অর্জন করা যত সহজ, তা রক্ষা করা তত সহজ নয়। আজ আমাদের বিজয়ের দিন। এই দিনের তাৎপর্য আমাদের ধরে রাখতে হবে। তা ধরে রাখতে হলে পারস্পরিক ঐক্য ও সমঝোতা বজায় রাখতে হবে। আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে ঐক্য গড়ে উঠেছে, তা দীর্ঘদিন ধরে রাখতে হবে। মাফিয়া চক্র ও সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

পরে বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ‘আমরাই গড়বো স্বপ্নের বাংলাদেশ’ প্রতিপাদ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপউপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান।

সাংস্কৃতিক সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও শিল্পীরা দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, নৃত্য এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও মুক্তিকামী মানুষের সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। প্রাণবন্ত এ আয়োজন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Link copied!