প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ০৯:৪৪ পিএম
শিক্ষাছুটির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগদান না করায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বিভিন্ন বিভাগের ১৬ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ২৩ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম রিজেন্ট বোর্ড সভার ৪৩/১০ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী, অননুমোদিতভাবে শিক্ষাছুটিতে বিদেশে অবস্থান এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একাধিকবার লিখিতভাবে কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হলেও তা উপেক্ষা করায় সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে স্থায়ী চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাকরিচ্যুত শিক্ষকরা হলেন— ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমিরুল ইসলাম, আশরাফুল হোসেন হাওলাদার, সহকারী অধ্যাপক পান্থ প্রতিম সরকার, প্রভাষক মো. আহসানউল্লাহ, মো. খায়রুল বাশার ও উপমা দাস; পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক কাকলী খাতুন; কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ময়মুনা বেগম কলি; রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেবব্রত পাল; আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুবাইয়াৎ রহমান; লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান; ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিয়া নাহিয়ান জুলফিকার; সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক অধরা তাহ্সিন; অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা ইয়াসমিন; ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. উজ্জল হুসাইন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মাবিয়া খাতুন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট শিক্ষকদের শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পর একাধিকবার লিখিতভাবে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তারা প্রশাসনের আহ্বানে সাড়া না দেওয়ায় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার স্বার্থে রিজেন্ট বোর্ড তাদের বিরুদ্ধে স্থায়ী চাকরিচ্যুতির সিদ্ধান্ত গ্রহণ করে।
এদিকে অফিস আদেশে চাকরিচ্যুত শিক্ষকদের ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সব ধরনের আর্থিক সুবিধা ও অর্থ প্রচলিত বিধি অনুযায়ী বিশ্ববিদ্যালয়কে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
