মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৭:৪৭ পিএম
রবিবার ২৪, মে ২০২৬ -- : -- --
রোববার (২৪ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে ওষুধগুলো হস্তান্তর করা হয়
মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ২ লাখ টাকার প্রয়োজনীয় ওষুধ সহায়তা দেওয়া হয়েছে। মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপির সহধর্মিণী ফৌজিয়া আহমেদ ও কন্যা ফাতেমা বিনতে আহমেদ সানজিদার পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।
রোববার (২৪ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে ওষুধগুলো হস্তান্তর করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সে বেশ কয়েকটি জরুরি ও প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দেয়। এতে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা নানা দুর্ভোগের মুখে পড়েন। বিষয়টি জানার পর এমপির পরিবারের পক্ষ থেকে দ্রুত ওষুধ সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
ওষুধ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সমছু মিয়া, বিএনপি নেতা হাবিবুর রহমান, যুবদল নেতা তোফায়েল আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ সহায়তার মাধ্যমে জরুরি ওষুধের ঘাটতি অনেকাংশে পূরণ হবে এবং রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে সুবিধা হবে।