বৃহস্পতিবার ০৭, মে ২০২৬

বৃহস্পতিবার ০৭, মে ২০২৬ -- : -- --

বাউবির এলএল.বি ৮ম ব্যাচের বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০৪:১১ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর স্কুল অব ল-এর অধীনে পরিচালিত এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের (২০২০-২১ সেশন) শিক্ষার্থীদের ‘বিদায় অনুষ্ঠান ২০২৬’ আজ (৭ মে) বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা আঞ্চলিক কেন্দ্রের কনফারেন্স কক্ষে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিদায়ী শিক্ষার্থীদের আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির উপাচার্য মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য কেবল সনদ অর্জন নয়, বরং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা।

তিনি বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে বাউবির কার্যক্রম আন্তর্জাতিক পরিসরেও বিস্তৃত হয়েছে এবং অনেক শিক্ষার্থী প্রবাসে থেকে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।

উপাচার্য আরও বলেন, আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে। তিনি শিক্ষার্থীদের সত্য, ন্যায়, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি বাউবির শক্তিশালী ব্র্যান্ডিংয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের “ব্র্যান্ড অ্যাম্বাসেডর” হিসেবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব ল-এর ডিন নাহিদ ফেরদৌসী। তিনি বলেন, আইন শিক্ষা শুধু পেশাগত জীবনের প্রস্তুতি নয়, বরং ন্যায়বিচার, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ চর্চার গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সঙ্গে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাউবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি.এম আহমেদ হুসেইন, ঢাকা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মো. নাসির উদ্দিন, স্কুল অব ল-এর প্রভাষক রিচিমনি প্রমা ও সজল আহমেদ, প্রাক্তন শিক্ষার্থী ও সাংবাদিক হারুন উর রশীদ, ঢাকা জজ কোর্টের আইনজীবী গাজী হাসান মাহমুদ, সুমন পারভেজ, কাজল রায় ও শরীফ খান।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিদায়ী ব্যাচের শিক্ষার্থী লিটন হোসেন ও ১২তম ব্যাচের শিক্ষার্থী তাসনুভা তুশিন। এসময় বিদায়ী শিক্ষার্থীরা উপাচার্যসহ অতিথিদের ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও বিদায়ী শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিদায়ী শিক্ষার্থী ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Link copied!