প্রকাশিত: ০৭ মে ২০২৬, ১২:৪৪ পিএম
বিভিন্ন রুটে বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াতের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবীন শিক্ষার্থীদের হেনস্তা বা র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ও কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। নবীন শিক্ষার্থীদের হয়রানি করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৩ মে থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যানবাহনে যাতায়াতকারী শিক্ষার্থীদের অবগত করা যাচ্ছে যে নবীনদের ওপর সিনিয়র অথবা তথাকথিত বাস কমিটি প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে হেনস্তা করা হলে তা ‘র্যাগিং’ হিসেবে বিবেচিত হবে। এটি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী এবং সম্পূর্ণ শাস্তিযোগ্য অপরাধ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, র্যাগিং বা এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেবে।
