শুক্রবার ০১, মে ২০২৬

শুক্রবার ০১, মে ২০২৬ -- : -- --

১৭ জুন থেকে জাবির স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ১৭ জুন থেকে শুরু হবে। ভর্তি সংক্রান্ত সকল আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত এই তারিখে একাডেমিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ মার্চ সশরীরে উপস্থিত হয়ে নতুন করে পছন্দক্রমের ফর্ম পূরণকারীদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ইউনিটের শূন্য আসনে (৫ম ধাপ) ভর্তি ও পছন্দক্রম পূরণের কার্যক্রম ১ মে থেকে শুরু হয়ে চলবে ২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। একই সময়ে মাইগ্রেশনে অনিচ্ছুক ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনে মাইগ্রেশন বন্ধের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৪ মে মাইগ্রেশন তালিকা এবং ৫ম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। তালিকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

নির্বাচিত শিক্ষার্থীদের ৫ মে থেকে ৭ মে রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। পরবর্তীতে ১০ মে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সশরীরে উপস্থিত হয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

ভর্তি নিশ্চিতকরণের সময় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র ও নম্বরপত্র, বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার থেকে সংগৃহীত মেডিক্যাল সনদপত্র, অনলাইনে পূরণকৃত বিষয়ভিত্তিক পছন্দক্রমের ফরম এবং প্রবেশপত্রের ফটোকপি সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি ও ডিনের মাধ্যমে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় জমা দিতে হবে।

সব প্রক্রিয়া শেষে আগামী ১৭ জুন থেকে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

 
Link copied!