বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬ -- : -- --

বীরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পিএম

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (২৩ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুমা খাতুন বলেন, “দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পুষ্টির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অপুষ্টি শুধু একটি স্বাস্থ্য সমস্যা নয়, এটি জাতির সামগ্রিক অগ্রগতির অন্তরায়। তাই শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “গ্রাম পর্যায়ে পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি জনপ্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। স্থানীয়ভাবে উৎপাদিত পুষ্টিকর খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহরিয়ার মান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা খানম, বীরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (চার্জ ওসি) মো: জাহাঙ্গীর বাদশা  রনি, সেনেটারি ইন্সপেক্টর মোঃ ফরিদবিন ইসলাম, আরএমও ডা. নবি হোসেন, এমওডিসি ডা. অমৃত সরকার, ডা. আবু বক্কর সিদ্দিক, ডা. হারুনুর রশিদ, ডা. ইমরানসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে ডা. আফরোজ সুলতানা বলেন, “পুষ্টি সপ্তাহের এই আয়োজন কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি জনসচেতনতা বৃদ্ধির একটি কার্যকর প্ল্যাটফর্ম। স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তবে এর সুফল পেতে হলে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।”
তিনি বলেন, “বিশেষ করে মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। পুষ্টি বিষয়ক সচেতনতা বাড়লেই অপুষ্টিমুক্ত সমাজ গঠন সম্ভব।”

উল্লেখ্য, ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সারাদেশে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Link copied!