বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬ -- : -- --

৪৩ বিজিবির উদ্যোগে রামগড়ে মাসিক সভা

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পিএম

৪৩ বিজিবির উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা সভা

খাগড়াছড়ির রামগড় উপজেলায় মাদক, চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে ৪৩ বিজিবির উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রামগড় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম। সভায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোঃ মইনুল ইসলাম, সহকারী পরিচালক (এডি) মোঃ শামছুল ইসলাম, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, রামগড় থানার উপপরিদর্শক মোঃ আনসার উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, সীমান্তবর্তী এই অঞ্চলে মাদক, চোরাচালান, জুয়া ও অবৈধ অনুপ্রবেশ (পুশিং) বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, মাদকাসক্তি ও জুয়া প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। একই সঙ্গে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম বলেন, “মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। তবে এসব সমস্যা স্থায়ীভাবে সমাধান করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

Link copied!