বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬ -- : -- --

গাইবান্ধায় মেধাবী শিক্ষার্থীর পাশে জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পিএম

সহায়তার অর্থ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা

অদম্য মেধা থাকা সত্ত্বেও আর্থিক সংকটে উচ্চশিক্ষা অনিশ্চিত হয়ে পড়া এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন গাইবান্ধার জেলা প্রশাসক। তার উদ্যোগে বিশেষ তহবিল থেকে ওই শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সহায়তার অর্থ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

জানা গেছে, আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম খাওয়া ওই শিক্ষার্থী জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। বিষয়টি নজরে আসার পর জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীর পারিবারিক ও শিক্ষাজীবনের খোঁজখবর নেন এবং বিশেষ তহবিল থেকে সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেন।

সহায়তা প্রদানকালে জেলা প্রশাসক বলেন, "শিক্ষা জাতির মেরুদণ্ড, আর কোনো মেধাবী শিক্ষার্থী যেন কেবল অর্থের অভাবে ঝরে না পড়ে—সেটি নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। জেলা প্রশাসন সব সময় সাধারণ মানুষের এবং বিশেষ করে শিক্ষার্থীদের পাশে আছে। এই সামান্য সহযোগিতা যদি তার স্বপ্ন পূরণে সহায়ক হয়, তবেই আমাদের সার্থকতা।"

আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত ওই শিক্ষার্থী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "এই সংকটময় মুহূর্তে জেলা প্রশাসক স্যারের এই সহায়তা আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে দেশের সেবা করতে চাই।"

জেলা প্রশাসকের এ মানবিক উদ্যোগ স্থানীয় সচেতন মহলে প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের সহায়তা প্রান্তিক মেধাবী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং সমাজের অন্যদেরও মানবিক কাজে উদ্বুদ্ধ করে।

Link copied!