প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পিএম
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা-এ বিএসটিআই-এর অনুমোদনহীন মিষ্টি বিক্রি এবং ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯টি মামলায় মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। তাকে সহযোগিতা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর প্রতিনিধি দল এবং রায়পুর থানা পুলিশ।
আদালত সূত্রে জানা যায়, বাজার মনিটরিং ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে মিষ্টির দোকানিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে চালকদের জরিমানা করা হয়।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
