বুধবার ২৬, আগস্ট ২০২৬

বুধবার ২৬, আগস্ট ২০২৬ -- : -- --

যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

চবি থেকে মোতাহের উদ্দীন

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪১ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

সমুদ্র সাক্ষরতা বৃদ্ধি, সমুদ্রসম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং সুনীল অর্থনীতি (ব্লু ইকোনমি) প্রসারের লক্ষ্যে দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইন্টারন্যাশনাল ওশান ইনস্টিটিউট (আইওআই) ওশান একাডেমি বাংলাদেশ। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) এক বর্ণাঢ্য ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে একাডেমির উদ্বোধন এবং প্রথম প্রশিক্ষণ কোর্সের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান। তিনি আনুষ্ঠানিকভাবে একাডেমির উদ্বোধন ঘোষণা করেন এবং সমুদ্রবিজ্ঞানের গুরুত্ব তুলে ধরে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ সামুদ্রিক পরিবেশ নিশ্চিত করতে দক্ষ জনবল তৈরিতে এ একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিন, ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ আরিফুর রহমান এবং ইস্ট চায়না ইউনিভার্সিটি অব পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ল’-এর সহকারী অধ্যাপক ড. সাবরিনা হাসান।

অনুষ্ঠানে আইওআই ওশান একাডেমি বাংলাদেশের পরিচালক মো. হারুন অর রশিদ স্বাগত বক্তব্যে একাডেমির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং আইওআই-এর গ্লোবাল ম্যানেজিং ডিরেক্টরের শুভেচ্ছা বার্তা পাঠ করেন।

প্রথম দিনের কারিগরি সেশনে ‘বাংলাদেশের সুনীল অর্থনীতি: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোহাম্মদ ইউসুফ।

এই প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের বিভিন্ন পেশাজীবীর পাশাপাশি ভারত ও শ্রীলঙ্কা থেকেও আন্তর্জাতিক ফেলোরা অংশগ্রহণ করেন, যা একে একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে পরিণত করেছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার মো. লিয়ন হাসান। সমাপনী বক্তব্যে আইওআই ওশান একাডেমি বাংলাদেশের পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের সহযোগী অধ্যাপক মুহাম্মাদ মুস্তাফা মনোয়ার সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানান।

Link copied!