মঙ্গলবার ২৫, আগস্ট ২০২৬

মঙ্গলবার ২৫, আগস্ট ২০২৬ -- : -- --

খুবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্পিতা

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৮:২১ পিএম

ছবি: গণকণ্ঠ

খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উদ্যোগে রবিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সকাল ১০টায় বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান।

প্রতিযোগিতা শেষে বিকাল ৫টায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপাচার্য।

এ সময় তিনি বলেন, খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ তাদের নেতৃত্বগুণের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও বেশি জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যাপারে তিনি উৎসাহ প্রদান করেন। পরিশেষে তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং আয়োজক শারীরিক শিক্ষা চর্চা বিভাগের সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান।

প্রতিযোগিতায় ছাত্রীদের দলগত ইভেন্টে স্থাপত্য ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ছাত্রদের ব্যক্তিগত ইভেন্টে যৌথভাবে রসায়ন ডিসিপ্লিনের অনিক গোলদার এবং ফার্মেসি ডিসিপ্লিনের সম্রাট চ্যাম্পিয়ন হন। অন্যদিকে ছাত্রীদের ব্যক্তিগত ইভেন্টে শিক্ষা ডিসিপ্লিনের সাজিয়া মাহিন মিথী চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী শুভদীপ গোলদার ও অনিন্দিতা বিশ্বাস। এসময় বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Link copied!