প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পিএম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে মশাল প্রজ্বালনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সংলগ্ন হেলিপ্যাড চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া মশাল প্রজ্বালন করেন। পরে তিনি প্রজ্জ্বলিত মশাল হাতে একটি বর্ণাঢ্য র্যালির নেতৃত্ব দেন।
অনুষ্ঠানে ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ ড. মো. আসাদুল হকের সঞ্চালনায় এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য।
উপাচার্য বলেন,"আগামী দুই দিন বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় সকল অনুষদের শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে অংশ নেবে। ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি হলগুলোর সম্মিলিত সাফল্যের মাধ্যমে বিজয় অর্জন করে গৌরব বয়ে আনবে।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্রীড়া কার্যক্রমের পাশাপাশি একাডেমিক কার্যক্রম সচল থাকলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সুষমভাবে এগিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে বাকৃবির সাফল্যের ধারাবাহিকতা ইতোমধ্যে প্রশংসিত।"
তিনি শিক্ষার্থীদের উৎসাহ দিতে সকলকে স্টেডিয়ামে উপস্থিত থাকার আহ্বান জানান। পাশাপাশি অংশগ্রহণকারীদের সহযোগিতাপূর্ণ মনোভাব, খেলোয়াড়সুলভ আচরণ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, হাউস টিউটর, বিভাগীয় প্রধানসহ বিপুলসংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
এবারের প্রতিযোগিতায় ১০০, ২০০, ৪০০, ৮০০, ১৫০০ ও ৩০০০ মিটার দৌড়, রিলে দৌড়, লং জাম্প, হাই জাম্প, ট্রিপল জাম্প, চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, গোলক নিক্ষেপসহ নানা ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ‘যেমন খুশি তেমন সাজো’ ইভেন্টেও অংশ নেওয়ার সুযোগ রয়েছে।
শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। আগামী ৯ এপ্রিল বিকেল ৪টায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হবে।
