প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৩:৪৮ পিএম
গুগল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একাধিক নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে। প্রযুক্তিপ্রেমীদের জন্য এই আপডেটগুলো বিশেষভাবে আকর্ষণীয় হতে পারে। নতুন সুবিধাগুলো মূলত কলিং অভিজ্ঞতা উন্নত করা এবং লোকেশন শেয়ারিংকে আরও সহজ ও কার্যকর করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। গুগলের তথ্য অনুযায়ী, এই সুবিধাগুলো প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ১১ এবং তার পরবর্তী সংস্করণগুলোতে ব্যবহার করা যাবে। খুব শিগগিরই এগুলো স্মার্টওয়াচের অপারেটিং সিস্টেম ওয়্যার ওএসেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
নতুন আপডেটের অন্যতম আকর্ষণীয় ফিচার হলো কাস্টম কলার আইডি কার্ড। এই সুবিধা চালু হলে কেউ ফোন করলে কল রিসিভ করার আগেই কল গ্রহণকারী ব্যক্তির স্ক্রিনে একটি বিশেষ কলিং কার্ড দেখা যাবে। এর মাধ্যমে কলদাতার পরিচয় সম্পর্কে আগে থেকেই ধারণা পাওয়া সম্ভব হবে। তবে এই সুবিধা ব্যবহারের জন্য কলদাতা ও কলগ্রহীতা উভয়ের ফোনেই গুগলের কলিং অ্যাপকে ডিফল্ট ফোন অ্যাপ হিসেবে ব্যবহার করতে হবে।
ব্যবহারকারীরা চাইলে নিজেদের কলিং কার্ড নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। এতে নিজের ছবি যুক্ত করা, নামের ফন্ট নির্বাচন করা এবং নামের রং পরিবর্তনের মতো বিভিন্ন কাস্টমাইজেশন সুবিধা থাকবে। এমনকি চাইলে এই কলিং কার্ড শুধু পরিচিত ব্যক্তিদের কাছেই দৃশ্যমান রাখা যাবে। যদিও এতে অ্যাভাটার বা ইমোজি ব্যবহারের সুযোগ নেই, তবে ফোনের গ্যালারি থেকে যেকোনো ছবি বেছে নিয়ে সেটিকে কলিং কার্ড হিসেবে ব্যবহার করা যাবে।
এছাড়াও গুগল তাদের লোকেশন ট্র্যাকিং সেবা ফাইন্ড হাবেও নতুন ফিচার যুক্ত করেছে। এই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি গুগল মেসেজেস অ্যাপ ব্যবহার করে নিজেদের অবস্থান অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন। এতে বার্তা প্রাপক ম্যাপে রিয়েল-টাইমে প্রেরকের অবস্থান দেখতে পারবেন। ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে লোকেশন শেয়ার করতে পারবেন। নির্ধারিত সময় শেষ হয়ে গেলে অথবা ব্যবহারকারী নিজে বন্ধ করলে স্বয়ংক্রিয়ভাবে লোকেশন শেয়ারিং বন্ধ হয়ে যাবে।
আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো, ফাইন্ড হাব ব্যবহার করে ট্র্যাক করা কোনো বস্তুর অবস্থান বিমান সংস্থার সঙ্গে শেয়ার করা যাবে। ফলে হারিয়ে যাওয়া লাগেজ খুঁজে পাওয়া অনেক সহজ হবে। এই সুবিধা চালুর জন্য ইতিমধ্যে ১০টির বেশি আন্তর্জাতিক বিমান সংস্থার সঙ্গে কাজ করছে গুগল।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন এই আপডেটগুলো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য কলিং এবং লোকেশন শেয়ারিং অভিজ্ঞতাকে আরও আধুনিক ও নিরাপদ করে তুলবে।
