প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০১:২৩ এএম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রোভার স্কাউট সম্পাদক ড. মো. জহিরুল আলম বাংলাদেশ স্কাউটসের সম্মাননা পুরস্কার অর্জন করেছেন।
রবিবার (৮ মার্চ) ঢাকায় বাংলাদেশ স্কাউটসের সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএসসি’র মাননীয় সদস্য ডা. মো. আমিনুল ইসলাম। তার হাত থেকে সম্মাননা স্মারক ও মেডেল গ্রহণ করেন ড. মো. জহিরুল আলম।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মো. শামসুল হক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে ড. জহিরুল আলম বলেন, “আমি খুবই আনন্দিত এবং গর্বিত। বাকৃবি রোভার স্কাউট গ্রুপকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপকে দেশে ও বহির্বিশ্বে অনন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাকে সম্মাননা পুরস্কার দেয়া হয়েছে যা আমার কর্মস্পৃহাকে আরো বৃদ্ধি করবে।”
উল্লেখ্য, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে নির্বাচিত মোট ২৫ জন স্কাউট ব্যক্তিত্বকে এ অনুষ্ঠানে সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়।
