বৃহস্পতিবার ০৫, নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার ০৫, নভেম্বর ২০২৬ -- : -- --

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা ঢাবি,দক্ষিণ এশিয়ায় ১৬তম

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম

ফাইল ফটো

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭ এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এবারের র‍্যাঙ্কিংয়ে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৩৬তম এবং দক্ষিণ এশিয়ার মধ্যে ১৬তম অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) গত ৩ নভেম্বর ২০২৬ এ র‍্যাঙ্কিং প্রকাশ করে। গত বছরও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।

এবারের র‍্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় প্রথম অবস্থানে রয়েছে হংকং বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় স্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।

আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

তিনি বলেন, “আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অবস্থান আমাদের জন্য আনন্দ ও গর্বের। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ধারাবাহিকভাবে শীর্ষস্থান ধরে রাখা আমাদের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। তবে শুধু র‍্যাঙ্কিংয়ে অবস্থান ধরে রাখাই আমাদের লক্ষ্য নয়; বরং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় করতে আমরা কাজ করে যাচ্ছি।”

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ সমৃদ্ধ করা, গবেষণার সুযোগ-সুবিধা বাড়ানো, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের বৈশ্বিক মানের দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা তাঁদের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে একাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, গবেষণার মান ও প্রভাব, পিএইচডিধারী শিক্ষক, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয়।

Link copied!