নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম
বুধবার ০৪, নভেম্বর ২০২৬ -- : -- --
ফাইল ফটো
দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ২৪ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তন। সমাবর্তনকে স্মরণীয় করে রাখতে ‘সমাবর্তন রিলস কনটেস্ট’ ও ‘লোগো ডিজাইন কনটেস্ট’ আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করতে পারবেন।
বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রচার, প্রকাশনা ও আমন্ত্রণ উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. গাজী মো. মহসিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিলস প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য হবে নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন। এতে সমাবর্তনের প্রস্তুতি, বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতি কিংবা সমাবর্তনকেন্দ্রিক সৃজনশীল বিষয় তুলে ধরা যাবে। ভিডিওর দৈর্ঘ্য হতে হবে ৩০ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে। ভিডিওটি নিজ নিজ ফেসবুক প্রোফাইলে ‘পাবলিক’ করে আপলোড করতে হবে। পাশাপাশি আপলোডের সময় #3rdConvocationNSTU2027, #NSTUConvocation2027 এবং #NoakhaliScienceandTechnologyUniversity হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।
রিলস প্রতিযোগিতার পাশাপাশি তৃতীয় সমাবর্তন উপলক্ষে লোগো ডিজাইন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। আগ্রহী প্রতিযোগীদের আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে তৈরি করা রিলস ও লোগো ডিজাইনের লিংক pr@office.nstu.edu.bd ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভিডিওর সৃজনশীলতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ ও শেয়ারের ভিত্তিতে সেরা তিনটি রিলস নির্বাচন করা হবে। বিজয়ীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অনুযায়ী আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া লোগোর নকশা ও সৃজনশীলতার ভিত্তিতে সেরা ডিজাইনারকেও পুরস্কৃত করা হবে।