জাবিপ্রবি থেকে মোঃ জসিম উদ্দিন
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৫ এএম
বুধবার ০৪, নভেম্বর ২০২৬ -- : -- --
সংগৃহীত
প্রশাসনে স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের আধিপত্য, বিতর্কিত পুনর্বাসন বন্ধ এবং বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার দাবিতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল।
পূর্বঘোষিত প্রেস বিজ্ঞপ্তির ভিত্তিতে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জাবিপ্রবি শাখা ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল বলেন, "ক্যাম্পাসে এখনো স্বৈরাচারের দোসর ও তাদের অনুসারী কর্মচারীরা বহাল রয়েছে। কিছুদিন আগে এ ক্যাম্পাসের একজন কর্মচারী তাঁর ফেসবুক পোস্টে নিজেকে মির্জা আজমের সৈনিক হিসেবে পরিচয় দিয়েছেন। ২৪-এর গণহত্যাকারীদের দোসররা ক্যাম্পাসে অবস্থান করলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রশাসনকে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে হবে।"
সমাবেশে জাবিপ্রবি ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল মাসুদ বলেন, "ক্যাম্পাসে স্বৈরাচারের দোসরদের তৎপরতা ও আধিপত্য বৃদ্ধি পেয়েছে। তারা মনে করছে, আপা হয়তো আবার ফিরে আসছে। পরিষ্কারভাবে বলতে চাই, আপা আর আসবে না এবং অতিরিক্ত দৌরাত্ম্য দেখালে পিঠের চামড়া থাকবে না। প্রশাসনের প্রতি আহ্বান, সব কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করুন। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।"
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।