মঙ্গলবার ২৯, সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার ২৯, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

কুলাউড়ায় পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ এএম

সংগৃহীত

 

 

মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

 

নিহতরা হলো— ওই গ্রামের মৃত আবু মিয়ার ছেলে ও গৌরীশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আলী জিবান (৮) এবং একই গ্রামের লোকমান মিয়ার মেয়ে রাহমা (৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। খেলার কোনো এক ফাঁকে তারা অসাবধানতাবশত বাড়ির পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুর নিথর দেহ ভাসতে দেখে চিৎকার শুরু করেন স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

 

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

এদিকে একসাথে দুই শিশুর মৃত্যুতে গৌরীশংকর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Link copied!