মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম
মঙ্গলবার ২৯, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
ছবি | ক্যাম্পাস রিপোর্ট
মৌলভীবাজারের কমলগঞ্জে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাকিবুল ইসলাম (৩৫) নামের এক তরুণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রবিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত রাকিবুল ইসলাম হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার জামাল হোসেন ভূঁইয়ার ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে ‘নাবা ডিজিটাল সাইন’ নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে ডেঙ্গুজ্বরে ভুগছিলেন রাকিবুল। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত রাকিবুলের চাচাতো ভাই সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ভানুগাছ বাজারের ব্যবসায়ী রাজন আবেদীন রাজু বলেন, রাকিবুল ছিল মিশুক, সদালাপী ও পরিশ্রমী। ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত ছিল সে। তার আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
এদিকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাকুর আহমেদ বলেন, সিলেটে মৃত্যু হওয়ায় তাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
রাকিবুলের মৃত্যুতে ভানুগাছ বাজার ও শায়েস্তানগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।