প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
অবশেষে দীর্ঘ অপেক্ষা ও উৎকণ্ঠার অবসান হলো। প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হয়েও ভেরিফিকেশন জটিলতায় বাদ পড়া মৌলভীবাজারের ৬৭ জন চাকরি প্রত্যাশী অবশেষে নিয়োগপত্র পেয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে নিয়োগ পাওয়া শিক্ষকরা নিজেরাই ফোন করে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর পেয়ে তাদের পরিবারে বইছে আনন্দের বন্যা।
জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তারা। কিন্তু পুলিশ ভেরিফিকেশন ও কাগজপত্র যাচাইয়ে জটিলতার কারণে তাদের নিয়োগপত্র স্থগিত রাখা হয়েছিল। এতে চরম হতাশায় দিন কাটাচ্ছিলেন ৬৭ জন প্রার্থী ও তাদের পরিবার। গতকাল রোববার তারা জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অবস্থান নিয়ে প্রবাসী কল্যাণ ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে কান্নায় ভেঙে পড়েন।
মন্ত্রী তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নিয়ে জেলা প্রশাসককে দ্রুত সমাধানের নির্দেশ দেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ভেরিফিকেশন জটিলতায় আটকে থাকা প্রার্থীদের নথিপত্র পুনরায় যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়েছে। যাচাই শেষে যোগ্য প্রার্থীদের আজ নিয়োগপত্র প্রদান করা হয়।
নিয়োগপত্র পাওয়া এক শিক্ষিকা আনন্দে কাঁদতে কাঁদতে বলেন, "গত কয়েকদিন মনে হচ্ছিল আমাদের জীবন শেষ। আজ মনে হচ্ছে নতুন জীবন পেলাম। মন্ত্রী মহোদয় ও জেলা প্রশাসক স্যারের প্রতি কৃতজ্ঞতা।"
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক কর্মকর্তা বলেন, যাদের কাগজপত্রে সামান্য ত্রুটি ছিল, তাদের নথি পুনরায় যাচাই করে নিয়োগ দেওয়া হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া। নিয়োগ পাওয়া শিক্ষকরা দ্রুত নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।
