মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম
মঙ্গলবার ২৯, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
হাইল হাওড়ে ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে শ্রীমঙ্গলে স্থানীয় সচেতন এলাকাবাসীর মানববন্ধন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী হাইল হাওড়ে শহরের ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় সচেতন এলাকাবাসী। সোমবার ( ২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভূনবীর ও আশিদ্রোন ইউনিয়নের মধ্যবর্তী মতিগঞ্জ গ্রামের বিলাসেরপাড় এলাকায় হাওড়পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সচেতন এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা ব্যানার ও নানা সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে নিয়ে হাইল হাওড় ও পরিবেশ রক্ষার দাবি জানান।
প্ল্যাকার্ডে লেখা ছিল - "পলিথিন আর প্লাস্টিকে হাওড়ের মিষ্টি পানি আর সবুজ প্রকৃতি আজ বিপন্ন", "আমাদের পরিষ্কার শহর দরকার, কিন্তু হাওড়কে ময়লার ভাগাড় বানানো চলবে না" এবং "হাওড়ের বুকে ময়লার স্তূপ মানে আগামী প্রজন্মের মুখে বিষ তুলে দেওয়া"।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আনোয়ার মিয়া, সারফিন আহমদ, বিল্লাহ আহমদ, সালমান মিয়া প্রমুখ।
তারা জানান, শ্রীমঙ্গল শহরের সমস্ত ময়লা-আবর্জনা হাইল হাওড়ের মতো একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী প্রাকৃতিক জলাশয়ে ফেলায় পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের কারণে হাওড়ের মিষ্টি পানি বিষাক্ত হয়ে উঠছে, নষ্ট হচ্ছে মাছের আবাসস্থল ও কৃষি জমির উর্বরতা। একটি পর্যটন নির্ভর শহরের বর্জ্য ব্যবস্থাপনা এতটা অপরিকল্পিত হতে পারে না।
অবিলম্বে হাইল হাওড়ে বর্জ্য ফেলা বন্ধ করে পরিবেশবান্ধব বিকল্প ও উপযুক্ত স্থানে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার জোর দাবি জানান আন্দোলনকারীরা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।